নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে একজন শ্রমিক নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক, উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, “সোমবার সকালে নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হাবিবুর রহমান নামের এক তরুণ শ্রমিক নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আমি নিহত হাবিবুর রহমানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি।”একই সঙ্গে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমিকদের ন্যায্য আন্দোলনে গুলি চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অবিলম্বে নিহত হাবিবুর রহমানের হত্যাকারীদের বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
পাশাপাশি তিনি আহত শ্রমিকদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করার আহ্বান জানান। এছাড়াও, বন্ধ কারখানা পুনরায় চালু করে ছাঁটাইকৃত শ্রমিকদের কাজে পুনর্বহাল করার জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।







