রাজধানীর উত্তরায় এক রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজব ছড়িয়ে শপিং মলে ভাঙচুরের ঘটনায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ সড়কে অবস্থিত স্কয়ার শপিং মলে ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, কথা-কাটাকাটির জেরে ওই শপিং মলের নিরাপত্তাকর্মীরা এক রিকশাচালককে ভেতরে নিয়ে পিটিয়ে হত্যা করেছেন—এমন গুজব ছড়িয়ে পড়লে রিকশাচালকদের একটি দল সেখানে ভাঙচুর চালায়।
এ সময় বিক্ষুব্ধরা বিপণিবিতানের সামনে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভও করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফা চেষ্টা চালায়। পরে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে যান।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ জানান, একটি শপিং মলের সামনে রিকশা দাঁড়ানোকে কেন্দ্র করে নিরাপত্তাকর্মী ও রিকশাচালকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে এক রিকশাচালকের সঙ্গে নিরাপত্তাকর্মীদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে ওই রিকশাচালক সেখান থেকে চলে যান।
ওসি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেছে। পাশাপাশি শপিং মলের মালিকপক্ষও আরেকটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।





