স্টাফ রিপোর্টার: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্র এসোসিয়েশনের (বউশা) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নতুন অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম চৌধুরী (করিম রেজা) ও সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন বউশার প্যাডে এই কমিটি অনুমোদন করেন।


নবনির্ধারিত কমিটিতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন জায়েদ হাসান (জিহাদ), আইসিটি বিষয়ক সম্পাদক আশিকুর রহমান (রাজ), নিউজ মিডিয়া বিষয়ক সম্পাদক আনিছুর রহমান (আনিছ), এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হেনা আক্তার ও মোহাম্মাদ কামরুল হাসান ভুঁইয়া। এছাড়া অন্যান্য সদস্যরাও কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন।


বউশা একটি অরাজনৈতিক, শিক্ষার্থী-কেন্দ্রিক, স্বেচ্ছাসেবী ও কল্যাণমূলক সংগঠন। এই কমিটির লক্ষ্য শিক্ষার্থীদের একাডেমিক, সামাজিক ও নৈতিক উন্নয়ন নিশ্চিত করা, দূরশিক্ষণ কার্যক্রমে শিক্ষার্থীদের সহযোগিতা ও অংশগ্রহণ বৃদ্ধি করা, শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং বৃত্তি তহবিল গঠন করা। এছাড়া সাংস্কৃতিক, ক্রীড়া ও শিক্ষাবিষয়ক কার্যক্রম আয়োজন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সেতুবন্ধন বজায় রাখা কমিটির উদ্দেশ্য।


নবনিযুক্ত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জায়েদ হাসান (জিহাদ) বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্বের বিভিন্ন স্থানে থাকা সদস্যদের সংযোগ বজায় রেখে তাদের সুবিধা-অসুবিধা বোঝার মাধ্যমে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে তা সমাধান করবেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।