বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুকে দেওয়া মন্তব্য উদ্দেশ্যমূলক ও অযাচিত। সোমবার (১২ মে) বিকেলে রংপুর কারমাইকেল কলেজে ‘মেধাবীদের মুখোমুখি ছাত্রশিবির’ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

\r\n

তিনি বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরপরই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে যে ধরনের বিতর্ক তৈরি করা হয়েছে, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এটি পূর্বপরিকল্পিত। তিনি ইচ্ছাকৃতভাবেই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এমন বক্তব্য দিয়েছেন। মাহফুজ আলম চাইলে কোন রাজনৈতিক দলের হয়ে এসব করতেন, কিন্তু রাষ্ট্রের দায়িত্বে থেকে এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। আমরা আশা করি তিনি দ্রুত তার বক্তব্যের ব্যাখ্যা দিবেন।”

\r\n

নুরুল ইসলাম আরও বলেন, “এই বক্তব্য সংবিধান পরিপন্থী এবং এটি উপদেষ্টার শপথ লঙ্ঘনের সামিল। কোনো ক্ষোভ বা বিদ্বেষ থেকে এভাবে কাউকে হুমকি দেওয়া তার মতো দায়িত্বশীল পদে থাকা ব্যক্তির উচিত নয়।”

\r\n

মুক্তিযুদ্ধ ও রাজাকার ইস্যুতে মাহফুজ আলমের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ বা রাজাকার সংশ্লিষ্ট কোনো ইতিহাস ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত নয়। অতীতে আওয়ামী লীগও একই ধরনের ভিত্তিহীন অপবাদ দিয়ে এসেছে, যা মূলত রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার একটি কৌশল। এখন যারা একই পথে হাঁটছে, জনগণ তা মেনে নেবে না।”

\r\n

তিনি আরও বলেন, “দ্বিতীয় স্বাধীনতার পর দেশ এখন একটি অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) পথে এগোচ্ছে। মাহফুজ আলমও আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছেন। তাই তার এই বক্তব্য প্রত্যাহার করবেন বলে আমরা আশাবাদী।”

\r\n

অনুষ্ঠানটি কুরআন দিবস উপলক্ষে কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মেজবাহুল করিম, রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিসুর রহমান, জেলা সভাপতি ফিরোজ মাহমুদসহ অনেকে।