দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে কয়েকটি আসনে দলীয় এজেন্টদের বাধা ও হামলার অভিযোগও তুলেছে দলটি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের।


তিনি বলেন, দেশের ইতিহাসে অন্যতম আনন্দঘন ও প্রত্যাশিত একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই নারী-পুরুষসহ বিপুলসংখ্যক ভোটার কেন্দ্রে উপস্থিত হয়েছেন। জামায়াতের আমিরসহ দলীয় নেতারা ভোট দিয়েছেন এবং বিভিন্ন কেন্দ্রের সার্বিক খোঁজখবর নিচ্ছেন বলেও জানান তিনি।


জুবায়ের দাবি করেন, গত দেড় যুগের মধ্যে সবচেয়ে বেশি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে এবং নতুন প্রজন্মের জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা।


তবে ভোলা, কুমিল্লা ও নোয়াখালীর কয়েকটি আসনে এজেন্টদের বাধা ও হামলার অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, ভোলা-২ আসনে সংঘাত ও বিভিন্ন কেন্দ্রে তাণ্ডবের ঘটনা ঘটেছে এবং প্রশাসনের সহযোগিতা যথেষ্ট পাওয়া যাচ্ছে না। কুমিল্লা-৮ আসনের বরুড়ায় এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নোয়াখালীর হাতিয়ায় এনসিপি প্রার্থীর আসনে ভোটার ও এজেন্টদের লাঞ্ছিত করার ঘটনাও ঘটছে বলে দাবি করেন।


তিনি বলেন, প্রশাসনকে আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।