ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করার সময় তিনি নিজেই ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান।

মির্জা ফখরুল মনোনয়ন পাওয়ার পর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, এটি সম্ভবত তার শেষ নির্বাচন।

আজ দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “মহান আল্লাহর রহমতে আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। আমার কৃতজ্ঞতা জানাই সকল নেতা ও নেত্রীকে। যারা এবার মনোনয়ন পাননি, তাদেরও ইনশাআল্লাহ দল যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে।”

নিজের রাজনৈতিক জীবনকে স্মরণ করে মির্জা ফখরুল উল্লেখ করেছেন, ১৯৮৭ সালে তিনি যখন রাজনীতিতে ফিরে আসেন, তখন তার দুই সন্তান ছোট ছিলেন। স্ত্রীর সঙ্গে তিনি নানা অনিশ্চয়তা সামলান, সন্তানদের স্কুল ও চিকিৎসার দায়িত্বও পালন করেছেন। তিনি বলেন, “আমাদের দলের হাজারো নেতাকর্মীর জীবনেও এ ধরনের সংগ্রামের গল্প আছে।”

শেষে তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন এবং বিএনপির শক্তিশালী নেতৃত্বে দেশের মর্যাদা রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন।