গাজীপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির সাবেক মন্ত্রীর দুই ছেলে। একই পরিবার থেকে দুই ভাই মনোনয়নপত্র নেওয়ায় রাজনৈতিক অঙ্গন ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী এবং তার বড় ভাই চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী। তারা দুজনই সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে।

স্থানীয় সূত্র ও রিটার্নিং অফিসার জানিয়েছে, গাজীপুর-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র মো. মজিবুর রহমান। দলীয় মনোনয়ন না পাওয়ায় চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই আসনে তার বড় ভাই চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীও বাংলাদেশ লেবার পার্টি (আনারস প্রতীক) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, “মনোনয়নপত্র সংগ্রহ করেছি, শেষ পর্যন্ত কী হয় তা দেখা যাবে।”
চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী বলেন, “আমার এলাকায় জনপ্রিয়তা রয়েছে, এজন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি। বাংলাদেশ লেবার পার্টি থেকে নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি।”

গাজীপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. আতিকুর রহমানও। প্রার্থীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেনের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।

উল্লেখ্য, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় জাগদল বিলুপ্ত করে নতুন রাজনৈতিক দল গঠনের অন্যতম সদস্য ছিলেন। তিনি জিয়াউর রহমান ও আবদুস সাত্তারের মন্ত্রিসভায় বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।