ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে জয় পাওয়ার পর একটি আসন ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বিজয়ী হন তিনি। আইন অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলেও একটি আসনই ধরে রাখা যায়। সে অনুযায়ী বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আরপিওর ধারা ১৯(১)(খ) অনুযায়ী একজন প্রার্থী একই সাধারণ নির্বাচনে একাধিক আসন থেকে প্রার্থী হতে ও নির্বাচিত হতে পারেন। তবে ধারা ১৯(২) অনুযায়ী, গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হয় কোন আসনটি তিনি রাখতে চান। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত না জানালে অবশিষ্ট আসন শূন্য ঘোষণা করা হবে।
ঢাকা-১৭ আসনের বেসরকারি ফলাফলে তারেক রহমান পেয়েছেন ৭২ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালিদুজ্জামান পেয়েছেন ৬৮ হাজার ৩০০ ভোট। ৪ হাজার ৩৯৯ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩৩ হাজার ৮১৩ জন। ভোট পড়ে ১ লাখ ৪৭ হাজার ৮৮৮টি, যার মধ্যে বৈধ ভোট ১ লাখ ৪৫ হাজার ৬৭৭টি।
অন্যদিকে বগুড়া-৬ আসনের ১৫০টি কেন্দ্রের ফলাফলে তারেক রহমান পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।





