বড় একটা দল না চাইলে দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি (পিআর) আটকে যেতে পারে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, “আমরা মনে করি কোনো একটি বা তিনটি দল না চাইলে এই প্রক্রিয়া আটকে যাওয়া অবিচার (ইনজাস্টিস) ও বৈষম্য হবে। কারণ, অধিকাংশ দলই সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে।”

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের ১৪তম দিনের সংলাপে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তাহের জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ এবং জামায়াতে ইসলামীর মতো দলগুলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (PR) পদ্ধতির পক্ষে রয়েছে।

তিনি বলেন, “আমরা উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং সংরক্ষিত নারী আসন—সব ক্ষেত্রেই পিআর পদ্ধতি চালুর পক্ষে। জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে হলে এই পদ্ধতিই সবচেয়ে কার্যকর।”

উল্লেখ্য, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে চলমান সংলাপে সংসদ কাঠামো ও নির্বাচন পদ্ধতির সংস্কার নিয়ে আলোচনা চলছে, যেখানে অংশ নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল।