ভবিষ্যতে এতিমদের মধ্য থেকেও কেউ প্রধানমন্ত্রী হতে পারে—এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে ‘ইয়াতিমদের সম্মানে’ আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, দেশে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে এতিম বা সুবিধাবঞ্চিত শিশুরাও সর্বোচ্চ রাষ্ট্রীয় পদে যাওয়ার স্বপ্ন দেখতে পারে। তার ভাষায়, একদিন এতিমদের মধ্য থেকেই কেউ প্রধানমন্ত্রী হবেন, আর সে ধরনের রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে কাজ করছে জামায়াত।
এ সময় তিনি দলীয় সংকীর্ণতা ও হিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
নবগঠিত সরকারের উদ্দেশে ড. শফিকুর রহমান বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশকে এগিয়ে নিতে ন্যায়, সত্য, সুবিচার, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ প্রতিষ্ঠার পথে তারা সহযোগিতা করতে প্রস্তুত। তবে জনগণের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ এলে তারা আপস করবেন না বলেও সতর্ক করেন তিনি।





