জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ। তিনি বলেন, দেশের মানুষ এবং তরুণ সমাজ এই অবস্থানে একসঙ্গে রয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ১৯৪৭ থেকে ১৯৭১ এবং ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত যে ঐতিহাসিক সংগ্রাম এ ভূখণ্ডের মানুষ করেছে, সেই ধারাবাহিকতা ধারণ করেই সামনের দিনের বাংলাদেশ গড়ে তুলতে চায় এনসিপি।
তিনি বলেন, ১৬ ডিসেম্বর উপলক্ষে জনগণের প্রতি তাদের বার্তা স্পষ্ট। পতিত ও ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করতে নানা অপচেষ্টা চালাচ্ছে এবং নির্বাচন বানচালের চেষ্টা করছে। অথচ দেশের মানুষ এখন স্থিতিশীলতা ও স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি চায়।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় এখনো জড়িতদের গ্রেপ্তার করা হয়নি। এ অবস্থায় নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হচ্ছে।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে সরকার বা পুলিশ না থাকলেও জনগণ নিজেরাই নিরাপত্তা নিশ্চিত করেছিল। দেশ আবার সেই দিকেই এগোচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গণভোট হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচনে সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে। এনসিপির প্রার্থীরা শাপলা-কলি প্রতীক নিয়ে জনগণের কাছে গিয়ে সংস্কারের পক্ষে সমর্থন চাইবেন। তিনি বলেন, বাংলাদেশকে আর কখনোই ৫ আগস্টের আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না।





