জাতীয় জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদান রাখায় দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক-২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই রাষ্ট্রীয় সম্মাননা তুলে দেন।


এ বছর মোট ৯ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে একুশে পদক-২০২৬ প্রদান করা হয়। অভিনয় ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন ফরিদা আক্তার ববিতা। চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম এবং সংগীতে মরণোত্তর সম্মাননা পেয়েছেন আইয়ুব বাচ্চু। নৃত্যে অর্থি আহমেদ এবং পালাগানে ইসলাম উদ্দিন পালাকারকে এই সম্মাননায় ভূষিত করা হয়।


এছাড়া সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষাক্ষেত্রে অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস একুশে পদক পেয়েছেন। একইসঙ্গে সংগীত ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকেও একুশে পদকে সম্মানিত করা হয়েছে।


\r\n\r\n\r\n

উল্লেখ্য, একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পুরস্কার। ভাষা আন্দোলনের শহীদ ও ভাষাসৈনিকসহ সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা, অর্থনীতি এবং সামাজিক উন্নয়নে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে ১৯৭৬ সাল থেকে এই পদক প্রদান করা হচ্ছে।