সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের হ্যান্ডেল ফিরে পেয়ে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে তিনি নারীর অধিকার ও নিরাপত্তা নিয়ে দলের অবস্থান আবারও স্পষ্ট করেন এবং এ বিষয়ে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পুনর্ব্যক্ত করেন।


পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে, যা তার অবস্থানকে ভুলভাবে তুলে ধরছে। তিনি জানান, দলের নির্বাচনী ইশতেহার শুরু থেকেই পরিষ্কার এবং নারীর ক্ষমতায়ন ও সম্মান নিশ্চিত করাই জামায়াতে ইসলামীর অন্যতম মূল নীতি।


তিনি উল্লেখ করেন, জামায়াত ইসলামীর নির্বাচনী ম্যানিফেস্টোর লক্ষ্য নারীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন ও জনসেবায় সক্রিয় এবং সম্মানজনক অংশগ্রহণ নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে নিরবচ্ছিন্ন শিক্ষা ব্যবস্থা, নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান, যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স, নারীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা, সমান বেতন, নিরাপদ কর্মপরিবেশ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে সম্মানজনক কর্মসংস্থানের কথা তুলে ধরা হয়েছে।


পোস্টে তিনি আরও জানান, আগামী মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দলের পূর্ণাঙ্গ নির্বাচনী ম্যানিফেস্টো প্রকাশ করা হবে। একই সঙ্গে তিনি বলেন, নারীর মর্যাদা রক্ষাকারী বাংলাদেশই অগ্রগতির বাংলাদেশ।