ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদীর সেতুর ওপর বাস ও ট্রাকের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে। ঘটনাস্থলেই একজন মারা যান, পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। অন্তত ১৫ জন আহত হয়েছেন।


\r\n

শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

\r\n

ঘটনাস্থল সূত্রে জানা যায়, ভাঙ্গাগামী লেনে একটি ট্রাকের পেছনে ওয়েলকাম পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।


\r\n

প্রত্যক্ষদর্শী প্রতাপ দাস জানান, তিনি পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পান। দেখেন, যাত্রীবাহী বাসটি সামনে থাকা পণ্যবাহী ট্রাকের মধ্যে ঢুকে গেছে। তার ধারণা, বাসের সামনের অংশে থাকা যাত্রীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।


\r\n

ওসি জহুরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি ঢাকা থেকে আসছিল বলে তিনি জানান।