বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সাবেক সহকারি সেক্রেটারি জেনারেল রংপুরের বদরগঞ্জ উপজেলার কৃতি সন্তান এটিএম আজহারুল ইসলামের মুক্তির খবরে আনন্দ মিছিল ও বদরগঞ্জে রিকশা ও ভ্যান শ্রমিকরা মিষ্টি বিতরণ করেছেন।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে বদরগঞ্জ পৌর শহরের কলেজ গুমড়ি নামক স্থানে রিকশা চালকরা বিভিন্ন লোকের মুখে মিষ্টি তুলে দেন এবং বিকেলে বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনারে পথ সভা করেন।

পথ সভায় বক্তারা বলেন, বদরগঞ্জ এর কৃতি সন্তান এটিএম আজহারুল ইসলাম সর্বজনবিদিত সকলের প্রিয় নেতা ও ভালো মানুষ। তিনি ক্ষমতায় না থেকেও রংপুর বদরগঞ্জে অসংখ্য মসজিদ নির্মাণ, ওযু খানা, বিশুদ্ধ পানি খাওয়ার জন্য আমাদের মত ভ্যান রিকশা চালকদের বাড়িতে টিউবওয়েলসহ নানান ধরনের সহায়তা দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। সেই পরিচ্ছন্ন এবং গরিব-দুঃখী মেহনতি মানুষের পাশে থাকা সৎ মানুষটিকে মিথ্যা অপবাদ দিয়ে আওয়ামী ফ্যাসিবাদী সরকার ১৩টি বছর বিনা অপরাধে জেলখানায় রেখে ফাঁসি কার্যকরের ব্যবস্থা করেছিল। মহান আল্লাহর রহমতে মানুষের দোয়া ও ভালোবাসায় তিনি আজকে নির্দোষ হিসেবে খালাস পেয়েছেন। তার খালাসের খবর শুনেই আমরা গরিব ভ্যান ও রিকশা চালকরা একত্রিত হয়ে সকলের মুখে মিষ্টি বিতরণ করছি।

ভ্যানচালক রবীন্দ্র চন্দ্র রায় জানান, আমরা অন্য ধর্মের মানুষ হলেও এটিএম আজহারুল ইসলাম বদরগঞ্জ তারাগঞ্জের সকল মানুষকে সমানভাবে দেখতেন। তিনি হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান যার যে অধিকার সেটাকেই তিনি প্রাধান্য দিতেন। তাকে মিথ্যা ভাবে জেল খাটিয়ে আওয়ামী লীগ সরকার অন্যায় করেছে। আজকে তার মুক্তির খবর শুনে আমরা রিকশা ভ্যান চালকরা একত্রিত হয়ে নিজের পকেটের টাকা দিয়ে মিষ্টি কিনে সকলের মুখে দেওয়ার চেষ্টা করছি।

বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির কামালুজ্জামান জানান, আজকে আমাদের গর্বের দিন আনন্দের দিন। কারণ ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে বাংলাদেশ নতুন করে স্বাধীন না হলে আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামের ১৫ই আগস্ট খুনি হাসিনার সরকার মিথ্যা ট্রাইব্যুনালে ষড়যন্ত্রমূলকভাবে তার ফাঁসি কার্যকর করত। কিন্তু সকলের দোয়া ও ভালোবাসায় বর্তমান বিচারকগণ সঠিক রায় দিয়ে আমাদের নেতাকে নির্দোষ প্রমাণ করে মুক্ত করে দিয়েছেন।

রংপুর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রব্বানী জুলাই আগস্ট ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ মুগ্ধসহ আহতদের স্মরণ করে, আমার দেশকে জানান, এটি এম আজহারুল ইসলাম শুধু রংপুর বা বদরগঞ্জের নেতা নন তিনি আমাদের সংগঠন তথা সারা বাংলাদেশে সকলের নেতা। খুনি হাসিনা বিনা দোষে ১৩ টি বছর জেলখানার অন্ধকার কুটিরে তাকে বন্দী করে নির্যাতন করেছে।