বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আবেদন করেছেন। ভোটার নিবন্ধন সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তিনি তার এনআইডি পাবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি জানান, “আমাদের তথ্য অনুযায়ী, তিনি অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন শুধু আমাদের কাছে এসে আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান প্রদান করে নিবন্ধন সম্পন্ন করবেন।”
এনআইডি মহাপরিচালক বলেন, “এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে যাচাই করবে। যদি কোনো মিল না থাকে, তাহলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটি আমাদের হাতে নেই। সেই নম্বরের মাধ্যমে তিনি আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্ট কার্ড গ্রহণ করতে পারবেন।”
তিনি আরও যোগ করেন, “তারেক রহমানের মোবাইলে এসএমএস পাঠানো হবে, যার মাধ্যমে এনআইডি ডাউনলোড করাও সম্ভব। আজ দুপুরে তার নিবন্ধন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।”





