\r\n\r\n

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)–কে ঘিরে চলমান অস্থির পরিস্থিতি নিরসনে আসছে বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল ৫টায় গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে এনবিআরসহ সংশ্লিষ্ট ক্যাডার প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

এনবিআর ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আলোচনায় অংশগ্রহণের জন্য বিসিএস (কর) এবং বিসিএস (কাস্টমস অ্যান্ড ভ্যাট) ক্যাডারের প্রতিনিধিদের পাশাপাশি এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ছয়জন প্রতিনিধি অন্তর্ভুক্তির প্রস্তাব দিয়েছে রাজস্ব সংস্কার কমিটি।

এ বিষয়ে জানতে চাইলে ঐক্য পরিষদের সভাপতি ও নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হাছান মুহাম্মদ রিকাবদার বলেন, “আমরা এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। তবে বৈঠক প্রসঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।”

কর্মসূচি চলমান, দাবিতে অনড় এনবিআর কর্মকর্তারা, এদিকে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এনবিআর ভবনে অবস্থান ও কলমবিরতি কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচি শেষে তারা এনবিআর চেয়ারম্যানের অপসারণ এবং কর্মকর্তাদের বদলির আদেশ বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২৭ জুনের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে পরদিন থেকেই লাগাতার শাটডাউন কর্মসূচি শুরু করা হবে।

উল্লেখ্য, এনবিআর ও রাজস্ব ক্যাডার কর্মকর্তাদের মধ্যে চলমান অচলাবস্থা ও প্রশাসনিক জটিলতা সম্প্রতি আরও ঘনীভূত হয়েছে, যা রাজস্ব সংগ্রহ ও প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।