নোয়াখালীর জেলা বিএনপির নেতাদের সঙ্গে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) নোয়াখালী জেলা শাখার মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

রোববার (২ নভেম্বর) রাতে অনুষ্ঠিত সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনলাইন অ্যাকটিভিস্টদের করণীয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভার সভাপতিত্ব করেন নোয়াখালী জিয়া সাইবার ফোর্সের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন বাদল। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব হারুনুর রশিদ আজাদ ও নোয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল ইসলাম পলাশ।

সভায় বক্তারা বলেন, বিএনপির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এ পরিস্থিতি রুখতে জেডসিএফ ও অনলাইন অ্যাকটিভিস্টদের সঠিক তথ্য, ছবি ও প্রমাণের মাধ্যমে জনগণকে সচেতন করতে হবে এবং দলের মনোনীত প্রার্থীকে সমর্থন করতে হবে।

সভা শেষে বিএনপি ও এর অঙ্গসংগঠন সম্পর্কে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিভিন্ন আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ জানাতে তার ছবি সংবলিত কুশপুত্তলিকা দাহ করা হয়।