খুলনা মহানগরীতে এনসিপি নেতা মোতালেব সিকদারকে গুলিবিদ্ধ করার ঘটনায় প্রধান অভিযুক্ত ডি. কে শামীম ওরফে ঢাকাইয়া শামীমকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে নগরীর বসুপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। একই অভিযানে তার সহযোগী মাহাদিনকেও গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-৬-এর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম জানান, ঢাকাইয়া শামীম গুলিবর্ষণের ঘটনায় সরাসরি জড়িত। তার বিরুদ্ধে মাদক, দস্যুতা ও বিশেষ ক্ষমতা আইনে সাতটি মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়া অপর আসামি মাহাদিন গুলিবর্ষণের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলেও নিশ্চিত করেছে র্যাব।
গ্রেপ্তার দুজনকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের ধরতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর খুলনার ১০৯ মজিদ সরণির আল আকসা মসজিদ গলির মুক্তা হাউসে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা মোতালেব সিকদারকে গুলি করে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় তার স্ত্রী নিম্মি এক নারীসহ অজ্ঞাতনামা আরও আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।





