খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার সদস্য পরিচয় দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সোনাডাঙ্গা থানাধীন নেসার উদ্দিন সড়কের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতরা নিজেদের এনসিপির নেতা হিসেবে পরিচয় দিলেও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিশ্লেষণ করে দেখা যায়, তাদের একজন আল নাইম এনসিপির সঙ্গে সম্পৃক্ত নন। বরং তিনি বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের সঙ্গে জড়িত। অপর দুই আটককৃত হলেন মেহেদী হাসান মিরাজ ও মিরাজ গাজী।
আল নাইমের ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় দেখা গেছে, তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক শিক্ষার্থী এবং গত ৫ আগস্টের পর থেকে ছাত্রদলের বিভিন্ন সভা-সমাবেশে নিয়মিত অংশগ্রহণ করে আসছিলেন। একই সঙ্গে তিনি ছাত্রদল ও বিএনপির বিভিন্ন নেতার সঙ্গে তোলা ছবি ও ভিডিও তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন। গত ১৫ জানুয়ারি তিনি খুলনা-৪ আসনের বিএনপি প্রার্থীর একটি ফটোকার্ড শেয়ার করেন, যেখানে লেখা ছিল— “রূপসা ঘাটকে চাঁদাবাজ ও টোলমুক্ত করা হবে।”
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেক নেটিজেন বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করে বলছেন, যে ব্যক্তি চাঁদাবাজি বন্ধের কথা বলেন, তিনিই চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েছেন।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে মামলার প্রস্তুতিও চলছে বলে জানান তিনি।





