জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যুক্ত হচ্ছেন না সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। রোববার (২৮ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন। এতে তিনি জানান, গত দেড় বছর এনসিপি ও নাগরিক কমিটির সঙ্গে পরামর্শ ও নীতিগত সহযোগিতা করলেও এখন নিজের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ধরে রাখাকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন।

‘আমার রাজনৈতিক অবস্থান’ শিরোনামে দেওয়া পোস্টে মাহফুজ আলম লেখেন, জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতৃত্ব হিসেবে নাগরিক কমিটি ও এনসিপি গড়ে ওঠে। এসব সংগঠনে তার সহযোদ্ধারা যুক্ত থাকায় তিনি পরামর্শ, নির্দেশনা ও নীতিনির্ধারণী পর্যায়ে সহযোগিতা করেছেন।

তিনি বলেন, নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবেলা, রিকনসিলিয়েশন এবং দায়বদ্ধ সমাজ গঠনের মতো বিষয়ে তিনি ধারাবাহিকভাবে অবস্থান তুলে ধরেছেন। এনসিপিকে একটি বৃহত্তর ‘জুলাই আমব্রেলা’ হিসেবে স্বতন্ত্রভাবে দাঁড় করানোর চেষ্টা করলেও নানা কারণে তা সম্ভব হয়নি বলে উল্লেখ করেন তিনি।

মাহফুজ আলম বলেন, বাস্তবতায় তার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান ও বন্ধুত্ব অটুট থাকবে, তবে তিনি এনসিপির অংশ হচ্ছেন না। তিনি জানান, জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব পাননি—এ কথা সঠিক নয়। তবে ঢাকার কোনো আসনে ওই জোটের প্রার্থী হওয়ার চেয়ে নিজের দীর্ঘদিনের অবস্থান ধরে রাখাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

বর্তমান পরিস্থিতিকে তিনি ‘শীতল যুদ্ধ’ হিসেবে বর্ণনা করে বলেন, এই সময়ে কোনো পক্ষ না নিয়ে নিজের নীতি ও বক্তব্যে অটল থাকাই শ্রেয়। তিনি আরও বলেন, বিকল্প ও মধ্যপন্থী তরুণ বা জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। আগের মতোই রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সব ক্ষেত্রে তিনি তার অবস্থান অব্যাহত রাখবেন বলে জানান।