গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলা, ককটেল বিস্ফোরণ এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

বুধবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের সহিংস হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও গণতন্ত্রবিরোধী। এটি রাষ্ট্রীয় ও নাগরিক নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি।”

তিনি বলেন, “দেশ বর্তমানে এক গভীর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। জনগণ গণতন্ত্র ও সুশাসনের প্রত্যাশায় সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ঠিক এমন সময় একটি ভারতপন্থী গোষ্ঠী, পলাতক নেত্রীর ইন্ধনে, দেশে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত করছে। আজকের হামলা সেই ষড়যন্ত্রেরই অংশ।”

খেলাফত মজলিসের মহাসচিব বলেন, “যারা এই হামলায় জড়িত, তারা দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং সার্বভৌমত্বের শত্রু। অতীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও তাদের পৃষ্ঠপোষকদের পরিচয় দেশবাসীর অজানা নয়। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হওয়ার তথ্য উল্লেখ করে তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং বলেন, “এটি প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহভাবে অবনতির দিকে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “সরকার ও প্রশাসনের পক্ষ থেকে এখনই নিরপেক্ষ ও শক্তিশালী পদক্ষেপ নেওয়া জরুরি। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সকল ষড়যন্ত্রমূলক অপশক্তিকে কঠোরভাবে দমন করতে হবে। বিশেষ করে পলাতক দুর্নীতিবাজ নেত্রী ও তার দেশবিরোধী চক্রের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”

বিবৃতির শেষে মাওলানা জালালুদ্দীন আহমদ দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি, নাগরিক সমাজ এবং ইসলামপ্রিয় জনতার প্রতি আহ্বান জানান—“সব বিভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ে তুলুন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা রাখুন।”