রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের তথ্যে জানা গেছে, কার্যালয়ের সামনের প্রধান সড়কের পাশে একটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখা যায়। ককটেলটি দেখতে সেখানে ভিড় জমায় স্থানীয় জনতা, তবে কেউ ভয়ে কাছে যেতে সাহস পাননি।
ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি। এক পুলিশ সদস্য জানান, “ঊর্ধ্বতন কর্মকর্তারা আসার পর বিস্তারিত জানানো হবে।”
এর আগেও একাধিকবার এনসিপির এই কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিছুদিন আগে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করেও ককটেল ছোড়া হয়েছিল। তবে তিনি সেসময় অল্পের জন্য রক্ষা পান।
নিরাপত্তাহীনতায় ভুগছে দলটির নেতাকর্মীরা। বারবার এমন ঘটনার পরও হামলাকারীদের শনাক্ত বা গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও।
এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।





