জামায়াতে ইসলামীসহ ১০ দলের নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা যায়, দলটির প্রার্থীদের বড় অংশই উচ্চশিক্ষিত এবং তুলনামূলকভাবে তরুণ।


৩০ জন প্রার্থীর মধ্যে ২৬ জন উচ্চশিক্ষিত। তাঁদের মধ্যে পিএইচডি ডিগ্রিধারী আছেন ২ জন, স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে ১৮ জনের। এ ছাড়া চিকিৎসক ২ জন, স্নাতক পাস ৪ জন। বাকি চার প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের। এই চারজনের একজন আবদুল হান্নান মাসউদ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত।


পিএইচডি ডিগ্রিধারী দুই প্রার্থী হলেন কুড়িগ্রাম-২ আসনের আতিকুর রহমান মোজাহিদ এবং পিরোজপুর-৩ আসনের মো. শামীম হামিদী। স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যে রয়েছেন দলের সদস্যসচিব আখতার হোসেন (রংপুর-৪), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (ঢাকা-৮), মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা-৪) ও সারজিস আলম (পঞ্চগড়-১)। নারী প্রার্থীদের মধ্যে দিলশানা পারুল (ঢাকা-১৯) ও নাবিলা তাসনিদ (ঢাকা-২০) স্নাতকোত্তর ডিগ্রিধারী।


এনসিপির ৩০ আসনের মধ্যে একটি আসন মৌলভীবাজার-৪ বাংলাদেশ খেলাফত মজলিসের জন্যও উন্মুক্ত রাখা হয়েছে। এ আসনে এনসিপির প্রার্থী প্রীতম দাশ, যিনি দলটির একমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী।


বয়সের দিক থেকে এনসিপির প্রার্থীদের মধ্যে চল্লিশোর্ধ্ব মাত্র চারজন। তিনজনের বয়স হলফনামায় উল্লেখ নেই। বাকি ২৭ জনের গড় বয়স ৩৪ বছর। সবচেয়ে প্রবীণ প্রার্থী নাটোর-৩ আসনের এস এম জার্জিস কাদির, তাঁর বয়স ৬৪ বছর। সবচেয়ে কম বয়সী প্রার্থী নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম—তাঁদের বয়স ২৭ বছর। মোট ১০ জন প্রার্থীর বয়স ৩০ বছরের নিচে।


পেশাগত দিক থেকে এনসিপির প্রার্থীদের মধ্যে ব্যবসায়ী রয়েছেন ৮ জন। চারজন নিজেদের পেশা হিসেবে উল্লেখ করেছেন ‘পরামর্শক’। দুজন সাংবাদিক, দুজন শিক্ষক, দুজন আইনজীবী, একজন চিকিৎসক, একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক, একজন উন্নয়নকর্মী, একজন কৃষক, একজন ব্যাংকার এবং একজন চাকরিজীবীও রয়েছেন।


আয় ও সম্পদের তথ্য অনুযায়ী, বার্ষিক আয়ে সবচেয়ে এগিয়ে নোয়াখালী-২ আসনের সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার, তাঁর আয় ৫০ লাখ টাকা। সবচেয়ে কম আয় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের শিক্ষক আশরাফ উদ্দিন মাহদীর—৩ লাখ ২৬ হাজার ৬৬৭ টাকা।


সম্পদের হিসাবে সবচেয়ে ধনী প্রার্থী ঢাকা-২০ আসনের নাবিলা তাসনিদ। তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য ৩ কোটি ৭৯ লাখ টাকার বেশি। সবচেয়ে কম সম্পদ নরসিংদী-২ আসনের সারোয়ার তুষারের, মাত্র ৩ লাখ টাকা।


সব মিলিয়ে, শিক্ষাগত যোগ্যতা, বয়স ও পেশার দিক থেকে এনসিপির প্রার্থী তালিকা তুলনামূলকভাবে তরুণ, বৈচিত্র্যময় এবং উচ্চশিক্ষিত বলেই প্রতীয়মান হচ্ছে।