জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের প্রস্তাব থেকে সরে এসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এর পরিবর্তে ‘সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি’ গঠনের প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক আলোচনাসভায় জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ তথ্য জানান।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়েই এনসিসি প্রস্তাব থেকে সরে এসেছে কমিশন। নতুন প্রস্তাবে কমিটির কাঠামো ও সদস্যসংখ্যায় পরিবর্তন আনা হয়েছে। আগের প্রস্তাবে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে অন্তর্ভুক্ত করার কথা থাকলেও নতুন কাঠামোয় তাঁরা থাকছেন না।

প্রস্তাবিত নিয়োগ কমিটি হবে সাত সদস্যের। সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার (নিম্নকক্ষ)। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন—প্রধানমন্ত্রী, উচ্চকক্ষের স্পিকার, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, প্রধান বিরোধী দল ব্যতীত অন্যান্য বিরোধী দলের একজন প্রতিনিধি, রাষ্ট্রপতির একজন প্রতিনিধি (যিনি আইনে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন হবেন) এবং প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি।

আলী রীয়াজ বলেন, এই কমিটি শুধুমাত্র সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। অ্যাটর্নি জেনারেল ও তিন বাহিনীর প্রধানের নিয়োগ এ কমিটির আওতায় আসবে না।

তিনি আরও জানান, নতুন প্রস্তাব নিয়ে আজকের সভায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে।