এপস্টেইন ফাইলস বিতর্কে এবার নাম জড়িয়েছে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মা মীরা নায়ারের সঙ্গে। সদ্য প্রকাশিত নথিতে দেখা গেছে, যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সাবেক প্রেমিকা গিজলাইন ম্যাক্সওয়েলের বাসভবনে আয়োজিত একটি পার্টিতে মীরা নায়ার উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০০৯ সালে মীরার পরিচালিত ছবি ‘অ্যামেলিয়া’ মুক্তি পেয়েছিল এবং সেই ছবির প্রচারের অংশ হিসেবে তিনি ওই পার্টিতে গিয়েছিলেন।
নথি অনুযায়ী, ২০০৯ সালে জনসংযোগকর্মী পেগি সিগাল একটি ইমেইল পাঠিয়েছিলেন, যেখানে মীরার নাম উল্লেখ আছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ শুক্রবার যে নতুন দফার নথি প্রকাশ করেছে, তার মধ্যে ওই ইমেইলও রয়েছে। ইমেইলে বর্ণনা করা হয়েছে, ২০০৯ সালে অ্যামেলিয়া চলচ্চিত্র সংক্রান্ত একটি অনুষ্ঠানের পরে গিজলাইন ম্যাক্সওয়েলের ম্যানহাটনের টাউনহাউসে আয়োজিত আফটার পার্টি থেকে সিগাল বের হয়ে আসছিলেন।
২০০৯ সালের ২১ অক্টোবর ভোরে পাঠানো ইমেইলে সিগাল লিখেছেন, “এইমাত্র গিজলাইনের টাউনহাউসে চলচ্চিত্রের আফটার পার্টি থেকে বের হলাম।” তিনি উল্লেখ করেন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং মীরা নায়ার। এছাড়া ইমেইলে বলা হয়েছে, অ্যামেলিয়া চলচ্চিত্রটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে খুব বেশি উষ্ণ প্রতিক্রিয়া পায়নি। এছাড়াও, সিগাল ভবিষ্যতে যে চলচ্চিত্র ও বিনোদন শিল্প-সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা করেছিলেন, তার কথাও ইমেইলে রয়েছে।
এই ইমেইলটি জেফ্রি এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার যোগাযোগ সম্পর্কে নতুন তথ্য উন্মোচন করেছে। উল্লেখ্য, অ্যামেলিয়া চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন মীরা নায়ার। এটি বিমানচালক অ্যামেলিয়া ইয়ারহার্টের জীবনীভিত্তিক নাট্যধর্মী চলচ্চিত্র, যেখানে হিলারি সোয়াঙ্ক অভিনয় করেছেন প্রধান চরিত্রে এবং রিচার্ড গিয়ার অভিনয় করেছেন তার স্বামী, প্রকাশক জর্জ পুটনামের ভূমিকায়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানিয়েছেন, জেফ্রি এপস্টেইন সংক্রান্ত সর্বশেষ প্রকাশনায় বিচার বিভাগ ৩০ লাখেরও বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করেছে। এছাড়াও প্রকাশ করা হয়েছে ২ হাজারের বেশি ভিডিও এবং প্রায় ১ লাখ ৮০ হাজার ছবি।
বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এসব উপাদানের মধ্যে এমন নথি রয়েছে, যেগুলো আগে ডিসেম্বরে প্রাথমিক দফায় প্রকাশ করা হয়নি। তখন অতিরিক্ত নথিপত্র পর্যালোচনা করা হচ্ছিল এবং ভুক্তভোগীদের সুরক্ষার জন্য সংবেদনশীল তথ্য সংশোধন বা গোপন রাখা হয়েছিল।
সূত্র: ইন্ডিয়া টুডে





