ইরান সংশ্লিষ্ট একটি হ্যাকার গোষ্ঠী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের প্রধানের ব্যক্তিগত ইমেইল হ্যাক করার দাবি করেছে।
‘হান্দালা হ্যাকার’ গোষ্ঠী তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তারা এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেলের ব্যক্তিগত ইনবক্সে অনুপ্রবেশ করেছে। তারা অনলাইনে প্যাটেলের কিছু ব্যক্তিগত ছবি এবং তার কথিত জীবনবৃত্তান্তও প্রকাশ করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রকাশিত ইমেইলগুলো তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। তবে তারা যে নমুনা দেখেছে, তাতে ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে ব্যক্তিগত ও অফিসিয়াল যোগাযোগের মিশ্রণ থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তা ক্যাশ প্যাটেলের ইমেইল অ্যাকাউন্টে অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
এফবিআই জানিয়েছে, তারা হ্যাকারদের কার্যকলাপ সম্পর্কে অবগত এবং সতর্ক রয়েছে। পাশাপাশি, হান্দালা গ্রুপের তথ্য জানার জন্য এফবিআই পরিচালককে ১০ মিলিয়ন মার্কিন ডলারের পুরস্কারও ঘোষণা করা হয়েছে।





