জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী অভাবের কারণে সিকিউরিটি গার্ডের চাকরি করছেন—এমন খবর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন তৈরি হয়। তবে এই ঘটনায় ভিন্নমত পোষণ করেছেন নাসুমের বড় বোন সাবিনা আক্তার শাম্মী। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, নাসুমকে মানুষের চোখে খারাপভাবে উপস্থাপন করতেই এমনটা করছেন তাদের বাবা আক্কাস আলী।
দেশের একজন জনপ্রিয় সাংবাদিকের সঙ্গে আলাপকালে শাম্মী জানান, তাদের মা মারা যাওয়ার পর থেকে পরিবারের সব দায়িত্বই কাঁধে তুলে নিয়েছেন নাসুম ও তার স্ত্রী। তিনি বলেন, “মা মারা যাওয়ার পর ভাইয়া আমাদের এতটাই সামলে রেখেছিল যে, আমরা কষ্টটাও বুঝে উঠতে পারিনি। কিন্তু বাবা তখনই আমাদের ছেড়ে চলে যান। কয়েক মাস যেতে না যেতেই তিনি বিয়ের জন্য পাগল হয়ে ওঠেন এবং আমাদের সঙ্গে ঝগড়া করে আলাদা হয়ে যান।”
শাম্মীর দাবি, তার বাবা একপ্রকার পরিকল্পিতভাবেই নাসুম ও তার স্ত্রীকে সমাজে ছোট করার চেষ্টা করছেন। “আমার ভাইয়া-ভাবিকে খারাপ দেখানোর জন্যই এসব করছে। আমরা জানতেও পারিনি, তিনি কখন বিয়ে করলেন, কাকে করলেন। সেটা জানতে পারি অনেক পরে, প্রায় এক বছর আগে,” বলেন শাম্মী।
তিনি আরও বলেন, “আমার ভাইয়া ও ভাবি চেষ্টা করেছে বাবাকে ফেরানোর জন্য। কিন্তু উনি কখনোই ফিরে আসতে চাননি। উল্টো আমাদের নিয়েই অভিযোগ করে বেড়াচ্ছেন।”
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়ে শাম্মী বলেন, “আমার বাবা কখনোই চাইতেন না আমি পড়াশোনা করি। আমি যখন স্কুলে যেতাম, তখন তিনি গাড়ি আটকে দিতেন, নানা রকম বাধা দিতেন। তার জন্যই আমার পড়ালেখা বন্ধ হয়ে যায়।”





