বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বহু বছর পর জনগণ স্বাধীন ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। তাই এবার ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জনগণই দায়িত্ব নেবে, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ হবে।
সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত ‘অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন: রাজনৈতিক দলের কাছে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে। অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। একশনএইড বাংলাদেশ এবং প্রথম আলো এই বৈঠকের আয়োজন করে।
তিনি বলেন, নির্বাচন পরিচালনায় রাজনৈতিক দল ও জনগণই প্রধান অংশীজন, আইনশৃঙ্খলা বাহিনী কেবল আইনশৃঙ্খলা রক্ষা করবে। বিএনপি আগামী নির্বাচনে সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের দায়িত্ব পালন করবে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, বিএনপি ফ্যাসিবাদের পতনের পর নির্বাচনে জয়ী দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার গঠন এবং ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার করেছে। এর মধ্যে সংবিধান, বিচারবিভাগ, গণমাধ্যম ও প্রশাসনসহ বিভিন্ন কমিশন গঠন করা হবে, যা জনগণের কাছে উন্মুক্ত ও সবার জন্য প্রযোজ্য হবে।
বৈঠকে দেশের ৯টি জেলায় আয়োজিত গোলটেবিল বৈঠক থেকে সুপারিশগুলোও তুলে ধরা হয়। একশনএইড বাংলাদেশ–এর উইমেন রাইটস লিড মরিয়মনেছা এবং কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বৈঠক পরিচালনা করেন।
বৈঠকে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি, সিপিবি, এবি পার্টি, গার্মেন্টস শ্রমিক সংহতি, তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা।





