জ্বালানি সংকটের কথা বিবেচনায় রেখে এবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশজুড়ে প্রথাগত আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (৮ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি সাশ্রয় ও সরকারি কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এবার ২৬ মার্চ উপলক্ষে সারাদেশে কোনো ধরনের আলোকসজ্জা করা হবে না। তবে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সব ধরনের রাষ্ট্রীয় কর্মসূচি গ্রহণ করা হবে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচিতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
এছাড়া ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং পবিত্র ঈদুল ফিতর ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।
আসন্ন ঈদকে কেন্দ্র করে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার বিশেষ নজর দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সড়ক পরিবহনে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় এবং জনজীবনে স্বস্তি বজায় থাকে, সে জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে তৈরি পোশাক খাতে শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে যাতে কোনো অসন্তোষ না হয়, সে বিষয়ে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
তিনি জানান, ঈদকে সামনে রেখে প্রস্তুতি সমন্বয়ের জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপিকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি মালিক ও শ্রমিক প্রতিনিধি এবং সড়ক পরিবহন ফেডারেশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন।
সাম্প্রতিক বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ও মব জাস্টিস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার মব কালচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং বাংলাদেশ থেকে এই প্রবণতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, নরসিংদীতে সংঘটিত অপরাধের ঘটনায় দ্রুত আসামিদের গ্রেফতার করা হয়েছে এবং চট্টগ্রামসহ অন্যান্য স্থানের ঘটনাগুলোকেও গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।





