নওগাঁয় এক নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের নির্বাচন শুধু সাধারণ ভোটাভুটি নয়, এটি বাংলাদেশের মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নওগাঁয় জনসভায় তারেক রহমান বলেন, “ভোট চুরি করা একটি পক্ষ ইতোমধ্যে দেশ ত্যাগ করেছে, কিন্তু আরেকটি পক্ষ এখনও নির্বাচনে ষড়যন্ত্র করছে। গত ১৫ বছরে তারা ভেতরে-ভেতরে একসঙ্গে ছিল। এখন নির্বাচনে চক্রান্তের সুযোগ খুঁজছে।”
তিনি ভোটপ্রক্রিয়া সচল রাখার জন্য কার্যকর নির্দেশনা দিয়েছেন। ভোটকেন্দ্র সকাল ৭টায় খোলার সঙ্গে সঙ্গে সবাইকে একসাথে ভোট দিতে যাওয়ার আহ্বান জানান। মুসলমানরা তাহাজ্জুদ নামাজ আদায় করে ভোটকেন্দ্রে গিয়ে অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে মিলিত হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি পূর্বের নির্বাচনের উদাহরণ টেনে বলেন, “২০০৮ সালের নির্বাচনে খালি ব্যালটবক্স দেখিয়ে পরে ভরা ব্যালটবক্স দেখানো হয়েছিল। এই অভিজ্ঞতা ভুলে গেলে চলবে না।”
নওগাঁর উন্নয়ন নিয়ে তারেক রহমান বলেন, “এ এলাকায় দেশের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়। কৃষকদের সহযোগিতায় কৃষি কার্ড দেওয়া হবে, যা কৃষি ঋণ নিতে সুবিধা দেবে। ধানের পাশাপাশি প্রচুর আম হয়, কিন্তু পর্যাপ্ত হিমাগার নেই। এ ব্যবস্থা করা হবে। এছাড়া আম ও ফসল রাজধানীতে পরিবহনের জন্য রেললাইন স্থাপন করা হবে।”
যুব সমাজকে খেলাধূলায় ফেরাতে হবে উল্লেখ করে তিনি বলেন, “খেলার উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে। এই সব বাস্তবায়নের জন্য আপামর মানুষের কাছে ভোট চাইছি।”
গণতন্ত্রের পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “যারা জনগণের ভোটাধিকারের জন্য লড়াই করেছেন, তাদের ত্যাগ যেন বৃথা না যায়। তাই ১২ ফেব্রুয়ারি সবাইকে গণতন্ত্রের পক্ষে ভোট দিতে হবে।”





