দিনাজপুরের বিরামপুরে আমার বাংলাদেশ (এবি) পার্টি থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন অন্তত ৪০ জন নেতা–কর্মী। তাদের নেতৃত্ব দিয়েছেন জামায়াতের সাবেক নেতা মেহেদী হাসান চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের ধানহাটি মোড়ে উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। সভাপতিত্ব করেন উপজেলা আমির হাফিজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা আমির আনিসুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ও পৌর জামায়াতের শীর্ষ নেতারা। এ সময় বিরামপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য আরাফাত আল আবীরও জামায়াতে যোগ দেন।
মেহেদী হাসান একসময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিরামপুর শাখার সভাপতি ছিলেন। ২০২০ সালে তিনি জামায়াত ছেড়ে এবি পার্টিতে যোগ দেন এবং পরে কেন্দ্রীয় সম্পাদকীয় সদস্য ও জেলা সেক্রেটারি হন। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে এবি পার্টি থেকে পদত্যাগ করেন।
ফিরে আসার কারণ ব্যাখ্যা করে মেহেদী হাসান বলেন, “কিছু নেতার অবমূল্যায়নের কারণে ২০২০ সালে জামায়াত ছেড়ে গিয়েছিলাম। কিন্তু এবি পার্টিতে প্রতিশ্রুত চেতনার প্রতিফলন পাইনি। জামায়াতের আদর্শ ও কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে আবার ফিরেছি।”





