দেশের শীর্ষস্থানীয় ব্যাংকারদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন।
\r\nসম্প্রতি এবিবির বোর্ড অব গভর্নরসের এক সভায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়। তিনি সংগঠনটির আগামী বার্ষিক সাধারণ সভা পর্যন্ত অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
\r\nসাবেক চেয়ারম্যান সেলিম আর এফ হুসেইন ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও পদ থেকে পদত্যাগের পর এবিবির শীর্ষ পদটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতেই নতুন নেতৃত্ব বাছাই করা হয়।
\r\nএকই সভায় পূবালী ব্যাংক পিএলসি’র এমডি ও সিইও মোহাম্মদ আলী এবিবির নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি ডাচ-বাংলা ব্যাংক পিএলসির এমডি ও সিইও আবুল কাশেম মো. শিরীন আগের মতো ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
\r\nমাসরুর আরেফিন ১৯৯৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতায় তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড কাতার, এএনজেড ব্যাংক অস্ট্রেলিয়া, আমেরিকান এক্সপ্রেস ও সিটি ব্যাংক এন.এ.-তে দায়িত্ব পালন করেছেন। বিগত ছয় বছর ধরে তিনি সিটি ব্যাংক পিএলসির সিইও হিসেবে দায়িত্বে আছেন। এবিবিতে চার বছর ভাইস চেয়ারম্যান থাকার পর এবার তিনি সংগঠনটির নেতৃত্বে এলেন। তিনি একজন খ্যাতিমান লেখক ও অনুবাদক হিসেবেও পরিচিত।
\r\nঅন্যদিকে মোহাম্মদ আলী ২০০৮ সালে পূবালী ব্যাংকে চিফ টেকনোলজি অফিসার হিসেবে যোগ দেন। এরপর ধাপে ধাপে তিনি ডেপুটি এমডি, অতিরিক্ত এমডি এবং সর্বশেষ এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে ব্যাংকটি মুনাফা ও সুনামের দিক থেকে বড় অগ্রগতি অর্জন করেছে। এবিবির গভর্নিং বডিতে তিনি দীর্ঘদিন সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
\r\nনতুন নেতৃত্বের মাধ্যমে এবিবি আরও কার্যকর ও গতিশীল ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।





