ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন একই আসনে জামায়াত সমর্থিত ১১ দলীয় জোট ও এনসিপির প্রার্থী নাহিদ ইসলাম।
দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে নাহিদ ইসলাম নিজে হাইকোর্টে উপস্থিত হয়ে এ রিট আবেদন দায়ের করেন। রিটে এম এ কাইয়ুমের প্রার্থিতা স্থগিত চাওয়া হয়েছে।
নাহিদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা জানান, বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম প্রশান্ত মহাসাগরীয় ওশেনিয়া অঞ্চলের দ্বীপরাষ্ট্র রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিক- এ সংক্রান্ত তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও হলফনামায় তা উল্লেখ করা হয়নি।
রিটে দ্বৈত নাগরিকত্বের পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। আগামী মঙ্গলবার এ বিষয়ে শুনানি হতে পারে বলে আশা প্রকাশ করেন নাহিদের আইনজীবী।





