স্নায়ুচাপ ও উত্তেজনায় ভরা ম্যাচে তৃতীয় স্তরের ক্লাব তালাভেরাকে ৩-২ গোলে হারিয়ে কোপা দেল রের শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোলরক্ষক আন্দ্রি লুনিনের দুর্দান্ত সেভ অতিরিক্ত সময়ে গড়ানো থেকে রক্ষা করে লস ব্লাঙ্কোদের।

এস্তাদিও এল প্রাডোতে অনুষ্ঠিত এই ম্যাচে সাম্প্রতিক বাজে ফর্মের কারণে কোচ জাবি আলোনসোর ওপর চাপ থাকায় বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে শুরুর একাদশে রাখে মাদ্রিদ। শক্তির বিচারে এগিয়ে থাকলেও মাঠের লড়াই ছিল প্রত্যাশার চেয়ে কঠিন।

প্রথমার্ধে কর্নার থেকে আসা বলে মারকোস মোরেনোর হাতে লাগায় রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পট কিক থেকে সুযোগ কাজে লাগিয়ে মাদ্রিদকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। বিরতির ঠিক আগে এমবাপ্পের তৈরি করা আক্রমণ থেকেই তালাভেরার আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

বিরতির পর আক্রমণের গতি বাড়ায় স্বাগতিকরা। শেষ দশ মিনিটে নাহুয়েল আররোয়োর গোলে ব্যবধান কমে আসে। ৮৮তম মিনিটে দূরপাল্লার শটে নিজের দ্বিতীয় গোল করে এমবাপ্পে মাদ্রিদকে কিছুটা স্বস্তি দিলেও যোগ করা সময়ে তালাভেরা আরেকটি গোল করলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারি ও মাঠে।

শেষ সেকেন্ডে সমতাসূচক গোলের সুবর্ণ সুযোগ তৈরি করেছিল তালাভেরা। তবে আন্দ্রি লুনিনের অবিশ্বাস্য সেভে বেঁচে যায় ২০ বারের কোপা দেল রে জয়ীরা, আর নিশ্চিত হয় রিয়ালের শেষ ষোলো।

এই ম্যাচে জোড়া গোল করে ২০২৫ সালে রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়াল ৫৮। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ৫৯ গোল করা ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড স্পর্শের একেবারে কাছে এখন ফরাসি তারকা। শনিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচেই সেই রেকর্ড ছোঁয়া বা ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।