ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন এশিয়া কাপের ফাইনালেও ছায়া ফেলল। শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেও ভারতীয় ক্রিকেটাররা ট্রফি ও মেডেল না নিয়েই মাঠ ছাড়েন।

ফাইনাল শেষে প্রায় দেড় ঘণ্টা পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। শুরুতে ব্যক্তিগত পুরস্কার দেওয়া হলেও চ্যাম্পিয়ন ট্রফি প্রদানের সময় তৈরি হয় নাটকীয়তা। সঞ্চালক সাইমন ডুল ঘোষণা করেন, “এসিসির পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, ভারতীয় দল আজ তাদের পুরস্কার গ্রহণ করবে না।” তবে ভারতীয় দলের পক্ষ থেকে এর কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি।

এর আগে রানার্স-আপ পাকিস্তানের ক্রিকেটাররা মেডেল ও অধিনায়ক সালমান আলি আঘা ডামি চেক গ্রহণ করেন। ব্যক্তিগত পুরস্কারের মধ্যে ভারতের তিলক ভার্মা ম্যাচসেরা, অভিষেক শর্মা টুর্নামেন্টসেরা এবং কুলদীপ যাদব সর্বোচ্চ উইকেটশিকারীর পুরস্কার নেন।

প্রাইজ-গিভিং অনুষ্ঠানে এসিসি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি উপস্থিত থাকলেও খেলোয়াড়দের হাতে কোনো পুরস্কার তোলেননি তিনি। সেই দায়িত্ব পালন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নাকভি শুধু মঞ্চে দাঁড়িয়ে ছিলেন।

বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, নাকভির হাত থেকে ট্রফি নিতে রাজি হয়নি ভারতীয় দল। ফাইনালের আগেই গুঞ্জন উঠেছিল, রাজনৈতিক কারণে ভারত নাকভির হাত থেকে শিরোপা নেবে না। শেষ পর্যন্ত ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানানোয় সেই গুঞ্জনই সত্যি হলো বলে মনে করছে ক্রিকেট মহল।

তবে ট্রফি না নিলেও ভারতীয় ক্রিকেটাররা নিজেদের মতো করে মাঠে উদযাপন করেন এবং চ্যাম্পিয়ন হিসেবে ফটোগ্রাফারদের জন্য পোজ দেন।