আসন্ন এশিয়া কাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ওমান। টুর্নামেন্ট সামনে রেখে ২৬ আগস্ট ১৭ সদস্যের দল ঘোষণা করেছে তারা। ঘোষিত দলে সবচেয়ে বেশি নজর কাড়ছেন মুহাম্মদ ইমরান—যিনি নিজের বোলিং অ্যাকশন, রানআপ ও উদযাপনে অনেকটাই কিংবদন্তি শোয়েব আখতারের মতো। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে রসিকতা হচ্ছে, ‘শোয়েব আখতারের থেকেও বেশি শোয়েব আখতার!’

৩৫ বছর বয়সী এই পেসারের ক্রিকেট-যাত্রা রীতিমতো সিনেমার মতো। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার দেরা ইসমাইল খানের এক প্রত্যন্ত গ্রামে জন্ম ইমরানের। পরিবারের ইচ্ছা ছিল তিনি সেনাবাহিনীতে যোগ দেবেন। কিন্তু ক্রিকেটে স্বপ্ন দেখে ১৮ বছর বয়সে ট্রাক ধরে পালিয়ে যান করাচিতে। সেখানে অনূর্ধ্ব-১৯ ট্রায়ালে ঝড় তুলে ৬ ম্যাচে ২১ উইকেট শিকার করেন, বোলিংয়ের গতি ছিল ঘণ্টায় ১৪৩ কিমি।

তবুও পাকিস্তান দলে জায়গা হয়নি। তবে ২০১৯ সালে এক বন্ধুর মাধ্যমে ভাগ্য বদলায়। তার বোলিংয়ের ভিডিও ইউটিউবে ভাইরাল হয়, নজরে পড়ে ওমানি এক ফ্র্যাঞ্চাইজির। সেখান থেকেই ওমানে পাড়ি জমান ইমরান। দিনে ১২ ঘণ্টা সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশনের কাজ করে রাতের সময় ব্যয় করেন ক্রিকেট অনুশীলনে।

২০২৪ সালে ওমান ডি১০ লিগে ‘আইএএস ইনভিনসিবলস’ দলের হয়ে ১৪ ম্যাচে ২১ উইকেট নিয়ে আলোচনায় আসেন। সেখান থেকেই জাতীয় দলে ডাক পান। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-টোয়েন্টি ও মে মাসে কানাডার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তার। এখন পর্যন্ত তিনি ২টি টি-টোয়েন্টিতে ৪ উইকেট নিয়েছেন, তবে ওয়ানডে অভিষেকে এখনো উইকেটের খাতা খুলতে পারেননি।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। গ্রুপ পর্বে ওমানের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। আর ইমরানের প্রথম ম্যাচই ১২ সেপ্টেম্বর, পাকিস্তানের বিপক্ষে—যেখানে সাবেক দেশের বিপক্ষে মাঠে নামবেন এই ‘নতুন শোয়েব আখতার’।

এই ম্যাচকে ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কেউ কেউ অপেক্ষা করছেন, হয়তো শোয়েব আখতারের ছায়া হয়ে আবারও গর্জে উঠবেন মুহাম্মদ ইমরান।