ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) আয়োজন করছে বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা। রাজধানীর তিনটি কেন্দ্রে বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এই পরীক্ষায় প্রায় সাড়ে ৫ হাজার কর্মকর্তা অংশ নেবেন। পরীক্ষার দায়িত্বে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)।

ব্যাংক সূত্র জানায়, পরীক্ষাটি ১০০ নম্বরের লিখিত ও এমসিকিউ ভিত্তিক হবে। অন্তত ৫০ শতাংশ নম্বর পেলে প্রার্থীরা উত্তীর্ণ হবেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ৫ শতাধিক সিনিয়র ও প্রবেশনারি অফিসার এবং বাকি জুনিয়র ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদমর্যাদার কর্মকর্তা।

২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক দখলের পর কোনো পরীক্ষা ছাড়াই ব্যাপক নিয়োগ দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ওই নিয়োগপ্রাপ্তদের দক্ষতা যাচাইয়ের অংশ হিসেবেই এ পরীক্ষার আয়োজন করা হচ্ছে।

প্রথমে ২৯ আগস্ট পরীক্ষার তারিখ নির্ধারণ করা হলেও একজন কর্মকর্তা হাইকোর্টে রিট করলে তা স্থগিত হয়। পরে আদালতের নির্দেশে বাংলাদেশ ব্যাংক জানায়, বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নেওয়া ইসলামী ব্যাংকের নিজস্ব এখতিয়ার, এতে কোনো বাধা নেই।

এদিকে পরীক্ষাটি ঘিরে একদল কর্মকর্তা বর্জনের ঘোষণা দিয়ে মানববন্ধন করেছেন। তাদের অভিযোগ, পরীক্ষায় অংশ না নিলে চাকরি হারানোর ঝুঁকি রয়েছে এবং উদ্যোগটি মূলত চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের লক্ষ্য করেই নেওয়া হয়েছে। তারা বলছেন, পাঁচ থেকে সাত বছর চাকরির পর হঠাৎ পরীক্ষার আয়োজন অন্যায্য ও অমানবিক।

তবে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, চাকরিতে কাউকে রাখা বা না রাখার সিদ্ধান্ত ও দক্ষতা যাচাই সম্পূর্ণ ব্যাংকের এখতিয়ারভুক্ত।