বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে দলটি হতাশ।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর হোটেল লেকশোরে আয়োজিত এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ১৭ অক্টোবর স্বাক্ষরিত দলিলটি জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ নয়। এতে বলা হয়েছে, ৪৮টি দফা নিয়ে গণভোট হবে, কিন্তু বিএনপির সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। এতদিন ধরে যেসব বৈঠক ও আলোচনা হয়েছে, তার ফলাফল এখন প্রশ্নবিদ্ধ।
তিনি আরও বলেন, ঐকমত্যে যেসব বিষয়ে সিদ্ধান্ত হবে, সেগুলো বাস্তবায়নের কোনো নিশ্চয়তা নেই। জুলাই সনদের যে দলিল স্বাক্ষরিত হয়েছে, তা কার্যত কার্যহীন হয়ে গেছে। বর্তমানে কমিশন ও কিছু রাজনৈতিক দলের প্রস্তাবই সামনে এসেছে। কমিশনের মূল উদ্দেশ্য ছিল জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা, কিন্তু প্রস্তাবগুলো বরং জাতিকে বিভক্ত ও অনৈক্যের দিকে ঠেলে দেবে। তাদের উদ্দেশ্য এবং অর্জনের লক্ষ্য স্পষ্ট নয়।
আরপিও ও জোটের প্রতীক সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, জোটবদ্ধ রাজনৈতিক দলগুলো চাইলে নিজেদের প্রতীক বা জোটের প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে, যা যৌক্তিক। তবে এখন বলা হচ্ছে, জোটবদ্ধ হলেও প্রত্যেক দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। আশ্চর্যের বিষয়, অন্য একটি রাজনৈতিক দল এই প্রস্তাব সমর্থন করেছে, যা বিএনপির প্রত্যাশার সঙ্গে যায় না।
সালাহউদ্দিন আহমদ যোগ করেছেন, বিএনপি আশা করে বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা পালন করবে। কিন্তু ঐকমত্য কমিশন ও সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড বিএনপির মধ্যে গভীর হতাশা তৈরি করেছে।





