দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। শনিবার (২১ জুন) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো না গেলে তিনি রাজনীতি থেকে অবসর নেবেন।
\r\nমঞ্জু বলেন, “রাজনৈতিক সংলাপে কিছু দল নিজেদের ‘অটোমেটিক’ভাবে সরকারপক্ষ হিসেবে বিবেচনা করছে, যা গঠনমূলক আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ মনে করছেন, তারা ইতোমধ্যে সরকারদলীয় শক্তি—ফলে দ্বিকক্ষ প্রস্তাব বাস্তবায়িত হলে তাদের নির্বাহী ক্ষমতা সীমিত হয়ে যেতে পারে।”
\r\nনারীদের জন্য সংরক্ষিত আসনের প্রসঙ্গে তিনি বলেন, “বিশেষায়িত আসন বরাদ্দ দিয়েও কাঙ্ক্ষিত নারী প্রতিনিধিত্ব নিশ্চিত হয়নি। আমরা দেখেছি, অনেক যোগ্য নারী প্রার্থী মনোনয়ন পাননি; তাদের বদলে মনোনয়ন পেয়েছেন রাজনৈতিক নেতাদের স্ত্রী বা জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এতে প্রকৃত নারী নেতৃত্বের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।”
\r\nদ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থাকে রাজনৈতিক ভারসাম্য রক্ষার সুযোগ হিসেবে দেখলেও মঞ্জু সতর্ক করে বলেন, “অনেক রাজনৈতিক শক্তি এটি কৌশলগতভাবে জোট ম্যানেজমেন্টের উপায় হিসেবে বিবেচনা করছে। অনেকের ধারণা, যারা সাধারণ নির্বাচনে নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম, তাদের আপার হাউসে স্থান দেওয়া যাবে—এমন দৃষ্টিভঙ্গি এই প্রস্তাবকে অর্থহীন করে তুলবে।”
\r\nসংলাপে বিএনপি, জামায়াত ও এনসিপির ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মঞ্জু। তিনি অভিযোগ করে বলেন, “এই তিন দল কার্যত নিরাপত্তা পরিষদের মতো আচরণ করছে। আমরা সাধারণ সভার মতো আলোচনা করতে চাই, আর তারা আপত্তি জানালেই পুরো প্রক্রিয়া থেমে যায়।”
\r\nএ অবস্থায় বড় পরিসরের বৈঠকের বাইরে ‘সাইডলাইন আলোচনা’র প্রস্তাব দিয়েছেন তিনি। মঞ্জু আশঙ্কা প্রকাশ করে বলেন, “যদি এই প্রস্তাব সফলভাবে বাস্তবায়ন না হয়, তাহলে দেশ আবারও রাজনৈতিক অচলাবস্থার দিকে ফিরে যাবে।”





