জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার পলাতক আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, ড. হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবীর নানকসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে চিঠি পাঠিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয়।
\r\nবৃহস্পতিবার (১০ এপ্রিল) ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
\r\nরেড নোটিশের সুপারিশ করা অন্য আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আলী আরাফাত, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং প্রধানমন্ত্রীর সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী।
\r\nচিফ প্রসিকিউটর জানান, এখন পর্যন্ত এই গণহত্যা ইস্যুতে দায়ের হওয়া ২২টি মামলায় মোট ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে ৫৪ জনকে গ্রেপ্তার করা হলেও ৮৭ জন এখনো পলাতক রয়েছেন।
\r\nট্রাইব্যুনাল সূত্রে আরও জানা গেছে, এ পর্যন্ত মোট ৩৩৯টি অভিযোগ দায়ের হয়েছে, যার মধ্যে ৩৯টি মামলার তদন্ত এখনো চলমান রয়েছে।
\r\nমতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, আবদুল্লাহ আল নোমান এবং সাইমুম রেজা প্রমুখ।





