সৌদি আরবে অবস্থানরত যে কোনো ধরনের ভিসাধারী এখন পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত, পারিবারিক, ই–ট্যুরিস্ট, ট্রানজিট, শ্রম বা অন্যান্য ভিসাধারী—সবাই এ সুবিধার আওতায় থাকবেন। এর ফলে সৌদি আরবে থাকা মুসলমানদের জন্য ওমরাহ পালন আরও সহজ হবে।
বিবৃতিতে বলা হয়েছে, সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা যাতে স্বাচ্ছন্দ্যে পবিত্র ওমরাহ পালন করতে পারেন, সে লক্ষ্যেই সৌদি সরকার ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ নিচ্ছে। নতুন এই উদ্যোগ সেই প্রচেষ্টারই অংশ।
ওমরাহ পালনে আগ্রহীদের জন্য সৌদি কর্তৃপক্ষ সম্প্রতি ‘নুসুক ওমরাহ’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে যে কেউ সহজেই উপযুক্ত প্যাকেজ বেছে নিতে এবং ওমরাহর অনুমতিপত্র সংগ্রহ করতে পারবেন। পাশাপাশি প্ল্যাটফর্মে নিজের প্রয়োজনীয় সেবা ও সময়সূচিও নির্ধারণ করা যাবে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এই উদ্যোগ সম্পর্কে সৌদি প্রেস এজেন্সির প্রকাশিত বিবৃতিতে বলা হয়, এটি দুই পবিত্র মসজিদের অভিভাবক বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতিশ্রুতির প্রতিফলন। তাঁরা চান, বিশ্বের মুসলমানরা যেন নিরাপদ ও আধ্যাত্মিক পরিবেশে ওমরাহ পালন করতে পারেন এবং তাঁদের ধর্মীয় যাত্রা আরও অর্থবহ হয়।





