শহীদ শরিফ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টা ১৬ মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শহীদ শরিফ ওসমান হাদির সমাধিস্থলে পৌঁছান। সেখানে কিছু সময় অবস্থান করে কবর জিয়ারত শেষে বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন। এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে নিজ বাসা থেকে রওনা দেন তারেক রহমান।


কবর জিয়ারতকালে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।


বিএনপি সূত্রে জানানো হয়েছে, কবর জিয়ারত শেষে তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে যাবেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ আসন থেকে বিএনপির প্রার্থী।


এর আগে গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দর থেকে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় দলের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। পরে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান।


দলীয় সূত্র জানায়, নির্বাচন কমিশনে কাজ শেষ করে তারেক রহমান ধানমন্ডিতে শ্বশুরবাড়িতে যাবেন। সেখান থেকে আবারও মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।