ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হলো ১২তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারের আসরের উদ্বোধন তাই ছিল ব্যতিক্রমী ও আবেগঘন।
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গত ১২ ডিসেম্বর সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন। পরে ১৮ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে বিসিবি সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তা জানিয়েছিল। আজ বিপিএলের উদ্বোধনী দিনেও তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
বিপিএলের প্রথম ম্যাচে মুখোমুখি হয় সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচ শুরুর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
খেলা শুরুর ঠিক আগে ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালনের ঘোষণা দেওয়া হয়। সে সময় রাজশাহী ওয়ারিয়র্সের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে দেখা যায় মোনাজাতে হাত তুলে দোয়া করতে।
এর আগে উদ্বোধনী আয়োজনে কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বেলুন উড়িয়ে বিপিএলের পর্দা উন্মোচন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ শেষে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।





