আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ওয়ান-ইলেভেনের সময় ক্ষমতার অপব্যবহার বা অপরাধে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না, তারা যত প্রভাবশালীই হোন না কেন।
রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের তিনি জানান, ১/১১ এবং পরবর্তী সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্ত চলছে। এ প্রসঙ্গে মাসুদ উদ্দিন চৌধুরী ও মামুন খালেদের নাম উল্লেখ করে তিনি বলেন, তারা ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন এবং অন্য মামলায় রিমান্ডে আছেন।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর অনেকগুলোই মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে। তদন্তের স্বার্থে সব তথ্য এখন প্রকাশ করা সম্ভব নয়, তবে এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত এবং বিচার প্রক্রিয়ায় আনা হবে।
চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, সংশ্লিষ্টরা ক্ষমতার অপব্যবহার করে নির্যাতন, গুম ও হত্যার মতো অপরাধে জড়িত ছিলেন। ১/১১-এর সময় ‘সেফ হাউস’ তৈরি করে এসব কর্মকাণ্ড চালানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আবু সাঈদের মামলার বিষয়ে তিনি জানান, আগামী ৯ তারিখে রায়ের জন্য দিন ধার্য রয়েছে এবং মামলাটি স্বাভাবিক প্রক্রিয়ায় এগোচ্ছে। একটি ক্ষেত্রে নতুন তথ্য পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে পৃথক মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ১/১১ থেকে শুরু করে পরবর্তী সময় পর্যন্ত যেসব ব্যক্তি রিং-লিডার হিসেবে জড়িত ছিলেন, তদন্তে তাদের সম্পৃক্ততা প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ট্রাইব্যুনাল স্বাধীনভাবে বিচার কার্যক্রম পরিচালনা করবে এবং কোনো দায়মুক্তি এতে বাধা হয়ে দাঁড়াবে না।





