চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে, আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকায় এসে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে শাশুড়িকে নিয়ে লন্ডন যেতে পারেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন জুবাইদা রহমান। আজ সকাল ১১টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা।

দেশে পৌঁছেই তিনি সরাসরি যাবেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে, যেখানে খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক তদারকি করছেন তিনি। বিমানবন্দরে তাকে নিতে একটি গাড়ি আগেই পৌঁছে গেছে। তার আগমনের পরই শুরু হবে খালেদা জিয়ার বিদেশ যাত্রার আনুষ্ঠানিক প্রক্রিয়া। এদিকে কাতার থেকে আসছে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স।

তবে বিএনপির সূত্র জানায়, কাতার এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা কিছুটা বিলম্বিত হতে পারে।

কাতার আমিরের ব্যবহৃত এই এয়ার অ্যাম্বুলেন্সে মুমূর্ষু রোগীর জন্য সব ধরনের আধুনিক চিকিৎসা সুবিধা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের সামনে ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং তার শারীরিক অবস্থার ভিত্তিতেই বিদেশে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

চিকিৎসকসহ মোট ১৭ জন থাকবেন খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে। দীর্ঘ যাত্রায় সম্ভাব্য সব ধরনের চিকিৎসা সহায়তার প্রস্তুতিও নেওয়া হয়েছে।