চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে অবস্থিত আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে (এসিঅ্যান্ডএস) বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রেজিমেন্ট অব আর্টিলারির ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলন এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।


সেনাবাহিনী প্রধান এসিঅ্যান্ডএসে পৌঁছালে তাকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার, এবং এসিঅ্যান্ডএসের কমান্ড্যান্ট।


সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান রেজিমেন্ট অব আর্টিলারি ও আর্মি এয়ার ডিফেন্স কোরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য এবং দেশসেবায় তাদের অসামান্য অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।


পরে কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাপ্রধান প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, ১৭ ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারগণ, মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স, বেপজার চেয়ারম্যান, এনডিসির সিনিয়র ডাইরেক্টিং স্টাফ, সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, এসিঅ্যান্ডএসের কমান্ড্যান্ট, আর্টিলারি ও এয়ার ডিফেন্স ব্রিগেড ও রেজিমেন্টগুলোর অধিনায়কগণ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।


উল্লেখ্য, গত ২৯ অক্টোবর এসিঅ্যান্ডএসে মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার রেজিমেন্ট অব আর্টিলারির ১০ম কর্নেল কমান্ড্যান্ট এবং মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক খান আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।