২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথমবার মা হওয়ার সুখবর দিয়ে ভক্তদের আনন্দে ভাসিয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।


দীপাবলির আলোয় প্রকাশ করেছিলেন কন্যা সন্তানের নাম—দুয়া। এক বছর পর, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর সেই ছোট্ট দুয়া পা দিল জীবনের প্রথম জন্মদিনে। দিনটিকে ঘিরে আবেগে ভেসেছেন দীপিকা, ভালোবাসায় সিক্ত করেছেন সোশ্যাল মিডিয়াকে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, জন্মদিন উপলক্ষে কোনো জমকালো আয়োজন করেননি দীপিকা ও রণবীর। পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়াভাবেই উদ্‌যাপন করা হয় দিনটি। মেয়ের জন্য নিজের হাতে চকোলেট কেক বানিয়েছেন দীপিকা। তার ভাষায়, \"এটাই আমার ভালোবাসা প্রকাশের ভাষা, আমার লাভ ল্যাঙ্গুয়েজ।\"

যদিও দুয়ার জন্মের পর থেকে এখন পর্যন্ত প্রকাশ্যে আনেননি সন্তানের মুখ, এবং বারবার অনুরোধ করেছেন ফটোগ্রাফারদের তার মেয়ের গোপনীয়তা রক্ষার জন্য। কিন্তু জন্মদিনের ঠিক পরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যাতে দেখা যায় দীপিকার কোলে এক শিশু—যার মুখ স্পষ্ট ধরা পড়েছে ক্যামেরায়।

ভক্তদের অনেকেই দাবি করছেন, ওই শিশুই দীপিকা-রণবীরের মেয়ে দুয়া। ভিডিওর একটি অংশে দেখা যায়, ঘটনাটি ক্যামেরায় ধরা পড়তেই স্পষ্ট বিরক্তি প্রকাশ করেন দীপিকা এবং সঙ্গে সঙ্গে ক্যামেরা বন্ধ করতে বলেন উপস্থিত ফটোগ্রাফারকে।