রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম জানান, আগামীকাল (২৬ সেপ্টেম্বর) থেকে তারা ক্লাস ও পরীক্ষায় অংশ নেবেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় শহীদ বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। তিনি বলেন, “ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাস পেয়েছি। তাই আপাতত কর্মসূচি স্থগিত করছি। তবে যদি প্রতিশ্রুতি বাস্তবায়ন না হয়, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।”
এর আগে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের এক বৈঠক হয়। সেখানে প্রশাসন আশ্বস্ত করে যে, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগে বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থি শিক্ষকরা শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে ক্লাসে ফিরে গেছেন।
সংবাদ সম্মেলনে অধ্যাপক আলীম বলেন, “উপাচার্য আশ্বাস দিয়েছেন, জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। আমরা শিক্ষক ফোরামের সদস্যদের সঙ্গে আলোচনা করে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। তবে প্রশাসন কথা না রাখলে আমরা আবারও মাঠে নামব।”
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে ইউট্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. মো. খালেদউজ্জামান (মিজান) বলেন, “আমরা প্রশাসনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেছি। কিন্তু সুষ্ঠু বিচার না হলে কঠোর আন্দোলন হবে।”
রাকসু নির্বাচনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের বিষয়। তবে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মতো পরিবেশ তৈরি হলে অবশ্যই রাকসু নির্বাচন সম্ভব।”
তিনি আরও জানান, পোষ্য কোটার বিষয়ে তাদের কোনো মন্তব্য নেই, বরং শিক্ষক নির্যাতনের বিচারই তাদের মূল দাবি।





