কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: কাউনিয়া উপজেলায় স্থানীয় মৎস্যজীবী সংগঠনকে বিল ইজারা না দিয়ে অন্য এলাকার একটি সমিতিকে ইজারা দেওয়ার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলেরা।


মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মাছহাড়ী নেপতি ডাংগা ও হুকডাংগার পাড় মৎস্যজীবী সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে এ কর্মসূচি পালন করা হয়। এতে শতাধিক স্থানীয় মৎস্যজীবী অংশ নেন।


মানববন্ধনে সমিতির উপদেষ্টা বেলাল আহমেদ, সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী, সাধারণ সম্পাদক হেলাল মিয়া ও সদস্য শাহীন আলম বক্তব্য দেন।


বক্তারা অভিযোগ করেন, কিছু প্রভাবশালী মহলের সহায়তায় বিলটি স্থানীয় প্রকৃত মৎস্যজীবীদের না দিয়ে বাইরের একটি সংগঠনকে ইজারা দেওয়ার চেষ্টা চলছে। এতে এলাকার দরিদ্র জেলেরা ক্ষতির মুখে পড়বেন বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। নিয়ম অনুযায়ী স্থানীয় মৎস্যজীবীদের মধ্যেই বিল ইজারা দেওয়ার দাবি জানান তারা।


কর্মসূচি শেষে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানান। প্রশাসন ন্যায্য সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন মৎস্যজীবীরা।